চাঞ্চল্যকর ড্রাম হত্যাকাণ্ডে নজিরবিহীন সিদ্ধান্ত জানালো জেলা আদালত – এবেলা

চাঞ্চল্যকর ড্রাম হত্যাকাণ্ডে নজিরবিহীন সিদ্ধান্ত জানালো জেলা আদালত – এবেলা

এবেলা ডেস্কঃ

মীরাটের আলোচিত মার্চেন্ট নেভি অফিসার সৌরভ রাজপুত হত্যা মামলায় তাঁর স্ত্রী মুসকান এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে মৃত্যুদণ্ডের সাজা শোনাল জেলা আদালত। গত বছরের ৪ মার্চ প্রেমিকের সহায়তায় স্বামীকে নৃশংসভাবে হত্যা করে দেহ ১৫ টুকরো করে একটি ড্রামে লুকিয়ে রাখার অভিযোগ ওঠে মুসকানের বিরুদ্ধে। জানা যায়, ২০২১ সাল থেকেই সৌরভের সঙ্গে ডিভোর্সের মামলা চললেও পরবর্তীতে সাহিলের সঙ্গে সম্পর্ক গাঢ় হলে দ্রুত বিচ্ছেদের জন্য অধৈর্য হয়েই এই জঘন্য অপরাধ ঘটায় সে। প্রায় ১২৬টি শুনানি ও ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই চরম সিদ্ধান্ত প্রদান করে।

রায় ঘোষণার সময় আদালত চত্বরে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়, যেখানে সৌরভের বৃদ্ধা মা ও ভাই রাহুল উপস্থিত হয়ে চরম শাস্তির দাবি জানান এবং ক্ষোভে ফেটে পড়েন। তদন্তে উঠে আসে, হত্যাকাণ্ডের কিছুদিন আগেই মুসকান অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল এবং পরবর্তীতে জেল হেফাজতে থাকাকালীনই সে একটি কন্যাসন্তানের জন্ম দেয়। তবে সন্তান জন্মদানের পর কিংবা পুরো বিচারপ্রক্রিয়া চলাকালীন অভিযুক্ত মুসকান ও সাহিলের পরিবারের কেউ তাদের সঙ্গে দেখা করতে আসেনি। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে অবশেষে চাঞ্চল্যকর এই ড্রাম হত্যাকাণ্ডে অভিযুক্তদের ফাঁসির সাজা শুনিয়ে দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন করল আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *