চিনকে স্পষ্ট বার্তা ভারতের! সীমান্ত বরফ গলাতে বেজিংয়ে অজিত ডোভাল – এবেলা

এবেলা ডেস্কঃ
অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কে ফের নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে। চিনের তরফ থেকে অরুণাচলের বিভিন্ন জায়গার ‘চিনা নামকরণ’ ভারত কখনোই ভালোভাবে মেনে নেয়নি। এই টানাপোড়েনের মাঝেই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বেজিং সফরে গিয়েছেন। মঙ্গলবার চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে বিশেষ প্রতিনিধি পর্যায়ের বৈঠকে বসছেন তিনি, যেখানে সীমান্ত পরিস্থিতিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু।
২০২০ সালের গলওয়ান সংঘর্ষের পর দু’দেশের কূটনৈতিক সম্পর্কে বড়সড় ফাটল ধরেছিল। তবে ২০২৪ সালে কাজানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের বৈঠকের পর নাথু লা, শিপকি লা এবং লিপুলেখ সীমান্ত দিয়ে বাণিজ্য পুনরায় চালু হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে অরুণাচলের ২৭টি এলাকাকে ভারত আনুষ্ঠানিকভাবে নিজস্ব নামে চিহ্নিত করায় বেজিং সেটিকে ‘অবৈধ’ বলে দাবি করে। জবাবে দিল্লি স্পষ্ট জানিয়ে দেয়, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং থাকবে।
আগামী সেপ্টেম্বর মাসে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ব্রিকস’ (BRICS) শীর্ষ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিঙের যোগ দেওয়ার কথা রয়েছে। তিনি ভারতে এলে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেরও সম্ভাবনা রয়েছে। তাই সব মিলিয়ে, সীমান্ত বিতর্ক ও ব্রিকস সম্মেলনের আবহেই ডোভালের এই বেজিং সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।
