জগন্নাথ ধামের পর এবার ‘বিশ্ব বাংলা’! দিঘায় মমতার জমানার আরও এক স্মৃতি মুছে দিল নতুন সরকার – এবেলা

এবেলা ডেস্কঃ
দিঘা: বিধানসভা ভোটে বাংলায় ক্ষমতা বদলের পর থেকেই রাজ্যজুড়ে পূর্বতন তৃণমূল সরকারের একের পর এক স্মৃতি ও প্রতীক সরানোর কাজ শুরু করেছে নতুন বিজেপি সরকার। কয়েক দিন আগেই দিঘার নবনির্মিত ‘জগন্নাথ ধাম’-এর নাম পরিবর্তন করে ‘সাংস্কৃতিক কেন্দ্র’ করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো দিঘার অন্যতম প্রধান আকর্ষণ ‘বিশ্ব বাংলা গ্লোব’। ওল্ড দিঘার পর্যটনকেন্দ্র থেকে তৃণমূল জমানার এই ‘উন্নয়নের প্রতীক’টি শুক্রবার সকালে সরিয়ে ফেলার কাজ শুরু হয়েছে।
সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে চালু হওয়া এই ‘বিশ্ববাংলা ব্র্যান্ড’ লোগোটি ঘিরে একসময় কম বিতর্ক হয়নি। তা সত্ত্বেও সব সরকারি চিঠিপত্র থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বৃত্তাকার এই ‘ব’ নকশার গ্লোব-কাঠামো তৈরি করা হয়েছিল। দিঘাকে নতুন করে সাজানোর অঙ্গ হিসেবে ওল্ড দিঘার ১ নম্বর গেটের সামনে একটি উদ্যান তৈরি করে এই অতিকায় গ্লোবটি বসানো হয়। রাতে রঙিন আলোর ছটায় এই গ্লোবটি দিঘার সৌন্দর্যায়নের মূল প্রতীক হয়ে উঠেছিল, যেখানে দাঁড়িয়ে সেলফি বা ছবি তুলতে পর্যটকদের ভিড় লেগেই থাকত।
কী বলছে প্রশাসন?
ক্ষমতায় আসার পর বর্তমান সরকার রাজ্যের নতুন লোগো হিসেবে ‘অশোক স্তম্ভ’ ব্যবহার করা শুরু করেছে। সেই নির্দেশিকা মেনেই এবার দিঘা থেকেও সরানো হচ্ছে বিশ্ব বাংলার লোগো। কাঁথির মহকুমাশাসক ধুমাল প্রতীক অশোক জানিয়েছেন, “সরকারি নির্দেশ মেনেই দিঘার পর্যটনকেন্দ্র থেকে বিশ্ব বাংলার লোগো সরিয়ে ফেলা হচ্ছে। আগামী দিনে রাজ্য সরকারের নতুন কিছু করার পরিকল্পনা রয়েছে। সেই নির্দেশিকা অনুসারে এলাকাটি আবার সাজিয়ে তোলা হবে।”
অন্যদিকে, দিঘা-শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক বিপ্রদাস চট্টোপাধ্যায় বলেন, “নতুন সরকার তাদের নতুন লোগো অশোক স্তম্ভ বানিয়েছে। আশা করি, এবার এখানে সেই লোগো বসানো হবে। তবে যা-ই হোক না কেন, তা পর্যটনের জন্য ভালোই হবে।” বিশ্ব বাংলা গ্লোব সরানোর এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে সমুদ্র সৈকতের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
