জমিদাতা ১৭০ কৃষককে নিয়ে উড়ল নয়ডা বিমানবন্দরের প্রথম ফ্লাইট, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ – এবেলা

জমিদাতা ১৭০ কৃষককে নিয়ে উড়ল নয়ডা বিমানবন্দরের প্রথম ফ্লাইট, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ – এবেলা

এবেলা ডেস্কঃ

নয়ডা: ফ্লাইটের ভেতরটা দেখতে কেমন হয়, তা এতকাল জানতেনই না মিথিলেশ সিং। চোখেমুখে ভয় আর বিস্ময় নিয়ে সোমবার সাতসকালে বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। শুধু মিথিলেশ নন, তাঁর মতো ১৭০ জন কৃষকের চোখে ছিল আজ এক অদ্ভুত এক ভালোলাগার আলো। যে বিমানবন্দর তৈরির জন্য তাঁরা নিজেদের জমি হাসিমুখে ছেড়ে দিয়েছিলেন, সেই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর থেকেই প্রথম প্রতীকী ফ্লাইটে চেপে আকাশে উড়লেন তাঁরা। আর এর সাথেই ডানা মেলল তাঁদের আজীবনের স্বপ্ন।

উত্তরপ্রদেশ সরকারের এই অভিনব উদ্যোগে সোমবার সকাল ৮টা নাগাদ লখনৌগামী প্রথম বিমানে চেপে বসেন কৃষকরা, যাদের মধ্যে ২০ জন মহিলাও ছিলেন। তাঁদের সম্মান জানাতেই এই বিশেষ বিমানযাত্রার আয়োজন করা হয়েছিল। কৃষকদের সঙ্গে এই ঐতিহাসিক সফরে শামিল হন জেওয়ারের বিধায়ক ধীরেন্দ্র সিং। লখনৌতে পৌঁছে তাঁরা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানাবেন।

ওয়াটার ক্যানন স্যালুটে স্বাগত প্রথম বিমানকে:

কৃষকদের নিয়ে বিমানটি ওড়ার ঠিক কয়েক মিনিট আগে, সকাল ৭.৫৫ মিনিটে লখনৌয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসা ইন্ডিগোর একটি যাত্রিবাহী বিমান প্রথমবার নয়ডার রানওয়ে স্পর্শ করে। চাকা রানওয়ে ছোঁয়ার সাথে সাথেই করতালিতে ফেটে পড়েন উপস্থিত যাত্রীরা। রানওয়েতেই বিমানটিকে রাজকীয় ‘ওয়াটার ক্যানন স্যালুট’ দিয়ে স্বাগত জানানো হয়।

২৯,৬৫০ কোটির মেগা প্রজেক্ট:

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে তৈরি এই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরটি ভারতের অন্যতম আধুনিক বিমানবন্দর। গত ২৮ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। প্রায় ২৯,৬৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিমানবন্দরে রয়েছে ৩,৯০০ মিটার দীর্ঘ রানওয়ে এবং অত্যাধুনিক নেভিগেশন ও ল্যান্ডিং সিস্টেম। তবে প্রযুক্তির এই চাকচিক্যের মাঝেও সোমবারের সকালটি মনে রাখল সেইসব সাধারণ মানুষদের, যাঁদের ত্যাগের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছে এই আধুনিক ভারতের নতুন ইতিহাস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *