জয়পুরে স্কুলে পরিদর্শনে গিয়ে আক্রান্ত CJP, ‘বিজেপি গুন্ডা পাঠিয়েছে’ বিস্ফোরক অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ
জয়পুর: রাজস্থানের সরকারি স্কুলের বাস্তব পরিকাঠামো তুলে ধরতে গিয়ে চরম বাধার মুখে পড়ল কক্রোচ জনতা পার্টি (CJP)। শুক্রবার জয়পুরের রামপুরা-কানওয়ারপুরা গ্রামের একটি সরকারি প্রাথমিক স্কুলে ‘স্কুল ঠিক করো’ অভিযানের অংশ হিসেবে পৌঁছলে CJP কর্মীদের ঘিরে তীব্র বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দাদের একাংশ। একপর্যায়ে পরিস্থিতি মারাত্মক রূপ নেয়; কর্মীদের ধাওয়া করার পাশাপাশি তাঁদের গাড়িতে পাথর ছুড়ে কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
সূত্রের খবর, CJP প্রতিনিধি দল পৌঁছনোর আগেই গ্রামের প্রবেশপথে ব্যারিকেড তৈরি করে তল্লাশি চালান স্থানীয়দের একাংশ। এরপর দলটির প্রতিনিধিরা স্কুলে পৌঁছতেই শুরু হয় তীব্র বচসা। অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হলে CJP কর্মীদের সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়। পরে স্কুলের বাইরে স্লোগান দিয়ে অবস্থান বিক্ষোভ শুরু হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে CJP কর্মীদের ধাক্কাধাক্কি করা ও তাড়িয়ে দেওয়ার দৃশ্য দেখা গিয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। CJP-র সহ-সমন্বয়কারী আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, বিক্ষোভকারীরা মোটেই স্থানীয় বাসিন্দা নন, বরং বিজেপির পাঠানো ‘গুন্ডা’। সরকারি স্কুলের কঙ্কালসার চেহারা যাতে জনসমক্ষে না আসে, তাই চক্রান্ত করে এই হামলা চালানো হয়েছে। একই সুরে দলীয় কর্মীদের মারধরের কথা জানিয়ে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
অন্যদিকে, স্থানীয়দের একাংশ দাবি করেছেন যে, তাঁরা স্কুলের পরিকাঠামো উন্নয়ন চাইলেও বিষয়টি নিয়ে রাজনীতি করার বিপক্ষে। ঘটনার সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, যদিও বাগরুর ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ ধর্মেন্দ্র শর্মা জানান, এই ধরনের ঘটনার বিষয়ে তিনি অবগত নন।
প্রসঙ্গত, সম্প্রতি অনুমতি ছাড়া সরকারি স্কুলে বহিরাগতদের প্রবেশ, ছবি বা ভিডিয়ো তোলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজস্থান শিক্ষা দপ্তর। CJP-র দাবি, স্কুলের বেহাল দশা আড়াল করতেই এই নিয়ম। আপাতত এই ঘটনা ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
