গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে কলকাতা হাইকোর্টে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র – এবেলা

এবেলা ডেস্কঃ
কৃষ্ণনগর আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নাড়ছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ধর্মীয় ভাবাবেগে আঘাত, দেশের সেনাবাহিনীকে আসাম্মান এবং আপত্তিকর মন্তব্যের অভিযোগে স্থানীয় ছয় মহিলার দায়ের করা মামলায় বারবার সমন পাঠানো সত্ত্বেও হাজির না হওয়ায় বুধবার তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। আদালত আগামী ২৮ অগাস্টের মধ্যে পরোয়ানা কার্যকরের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। তবে মহুয়ার স্পষ্ট অভিযোগ, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার নির্দিষ্ট নিয়ম মেনে আদালতে হাজিরা থেকে অব্যাহতির জন্য তাঁর করা আবেদনটি বিবেচনা না করেই একতরফাভাবে এই কড়া নির্দেশ জারি করা হয়েছে।
দিল্লিতে সংসদীয় অধিবেশন এবং স্থানীয় আইনজীবী অ্যাসোসিয়েশনের কর্মবিরতির কারণে নির্দিষ্ট দিনে আদালতে সশরীরে উপস্থিত থাকা সম্ভব হয়নি বলে দাবি করেছেন এই তৃণমূল নেত্রী। অতি সম্প্রতি ১৭ অগাস্ট তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা এড়ানোর আর্জি জানানো সত্ত্বেও তা নিষ্পন্ন না করে পরদিন সকালে সশরীরে তলব করা হয়, যা এত কম সময়ে দিল্লি থেকে কৃষ্ণনগরে এসে পালন করা আসাম্ভব ছিল। তাঁর যুক্তি, আইনানুগ আবেদন খারিজ না করে সরাসরি পরোয়ানা জারি করায় বিচারপ্রক্রিয়ার সুযোগ ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণেই নিম্ন আদালতের এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন তিনি।
