‘জোর করে খাওয়ালে সরকার পাত্তা দেবে না’, ১৯ দিনেও অনশনে অটল সোনম! – এবেলা

এবেলা ডেস্কঃ
নিট (NEET) দুর্নীতি এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতার দাবিতে যন্তর মন্তরে সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশন ১৯ দিনে পড়ল। দিন দিন শরীর দুর্বল হলেও, নৈতিক মনোবল এতটুকুও টলেনি তাঁর। চিকিৎসকদের উদ্বেগ এবং শুভানুধ্যায়ীদের অনুরোধ ফিরিয়ে দিয়ে বুধবার রাতে এক ভিডিও বার্তায় সোনম স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি অনশন ভাঙবেন না।
কেন অনশন ভাঙতে নারাজ সোনম? গত ১৮ দিনে হাজার হাজার মানুষ তাঁকে অনশন তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করার দাবিতে দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে। কিন্তু অনশন ভাঙতে নারাজ সোনম যুক্তি দিয়েছেন, “আমাকে জোর করে খাবার খাওয়ালে সরকারের কাছে ভুল বার্তা যাবে। সরকার ভাববে, এদের সঙ্গে আলোচনার কোনও প্রয়োজন নেই, অনশনে বসে আবার নিজেরাই উঠে যাবে।” সরকারের নীতি পরিবর্তনের জন্যই এই লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।
কেমন আছেন তিনি? সোনম জানিয়েছেন, অনশনের ১৮ দিন পরেও মেডিকেল রিপোর্ট অনুযায়ী তাঁর শারীরিক অবস্থা ‘স্বাভাবিক’ রয়েছে। তিনি বলেন, “আমি দুর্বল হয়ে পড়েছি, পেশির ক্ষয় হচ্ছে ঠিকই, কিন্তু শরীর ও মন এখনও শক্ত। আমি আরও বেশ কিছুদিন এই অনশন চালিয়ে যেতে পারব।” নিয়মিত ইসিজি ও মেডিকেল চেকআপের মাধ্যমে তাঁকে নজরে রাখছেন চিকিৎসকরা।
২০ জুলাই ‘সংসদ চলো’র ডাক সমর্থকদের কাছে সোনমের স্পষ্ট আবেদন— তাঁকে অনশন ভাঙার অনুরোধ না করে, বরং আগামী ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচিতে সকলে ব্যাপকভাবে যোগ দিন। বিশেষ করে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই আন্দোলনের অংশ হওয়ার ডাক দিয়েছেন তিনি। সোনমের কথায়, “এটি রাষ্ট্রবিজ্ঞানের এক বাস্তব শিক্ষা। সাধারণ মানুষ ও গণতন্ত্র কীভাবে চলে, তা এই আন্দোলন থেকেই শিখবে পড়ুয়ারা।”
দিল্লির বুকে পাহাড়ের মতো অবিচল দাঁড়িয়ে রয়েছেন সোনম ওয়াংচুক। তাঁর এই নাছোড়বান্দা লড়াই শেষ পর্যন্ত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা আনতে পারে কি না, এখন সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
