“টাকা চাই না, বাবার নামে বিশ্বমানের স্কুল গড়ুক সরকার!” পিতৃশোকেও শিক্ষার লড়াইয়ে অনড় বাঁকুড়ার হাফিজ – এবেলা

এবেলা ডেস্কঃ
শিক্ষা পরিকাঠামোর উন্নতির দাবিতে আন্দোলন করতে গিয়ে চরম মূল্য চোকাতে হলো বাঁকুড়ার ইন্দাসের তরুণ শেখ আবদুল হাফিজকে। এলাকার প্রাথমিক স্কুলের বেহাল দশা শুধরাতে সরব হওয়া হাফিজের ওপর সম্প্রতি দুষ্কৃতীরা হামলা চালায়। ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন তাঁর পঞ্চাশোর্ধ্ব বাবা শেখ মাফিক। পরে বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।
পিতৃহারা হওয়ার পর সংসার চালানোর স্বার্থে হাফিজকে সরকারের কাছে আর্থিক ক্ষতিপূরণ দাবি করার পরামর্শ দিয়েছিলেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ী। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে হাফিজ ও তাঁর মা স্পষ্ট জানান, “আমাদের কোনো টাকার প্রয়োজন নেই। সরকার যদি মনে করে আমাদের ক্ষতি হয়েছে, তবে রাজ্যের যেকোনো স্থানে বাবার নামে একটি বিশ্বমানের স্কুল গড়ে তুলুক, যেখানে সবাই বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা পাবে।”
স্বজন হারানোর চরম শোকের মধ্যেও এই পরিবারের শিক্ষা আন্দোলন ও দেশের প্রতি নিষ্ঠা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসিত হচ্ছে। এমনকি মাফিকের বৃদ্ধা মা জাহানারা বেগমও শোকের মাঝেই ‘ইনকিলাব জিন্দাবাদ’ ধ্বনি দিয়ে সকলের মঙ্গল কামনা করছেন, যা সামাজিক মাধ্যমে এক অনন্য নজির সৃষ্টি করেছে।
