লেটেস্ট নিউজ

ট্রাম্পের সঙ্গে পরমাণু সমঝোতায় বসতে আমেরিকার সামনে কঠিন শর্ত রাখল ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ

NEWS DESK : ওমানে প্রথম দফার আলোচনার পর চলতি সপ্তাহেই জেনেভায় মুখোমুখি বসতে চলেছে আমেরিকা ও ইরান। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেদ কুশনারের উপস্থিতিতে এই দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা। তবে আলোচনার টেবিলে বসার আগেই ওয়াশিংটনকে কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরানের স্পষ্ট দাবি, পরমাণু সমঝোতা সফল করতে হলে আমেরিকাকে অবশ্যই ইরানের অর্থনৈতিক স্বার্থের বিষয়টি নিশ্চিত করতে হবে।

ইরানের বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক কূটনীতি বিভাগের ডেপুটি ডিরেক্টর হামিদ ঘানবারি জানিয়েছেন, কোনো চুক্তি টিকে থাকার পূর্বশর্ত হলো দুই দেশেরই সমান বাণিজ্যিক লাভ। বিশেষ করে জ্বালানি, খনি এবং বিমান কেনাবেচার মতো ক্ষেত্রগুলোতে তেহরানকে ছাড় দিতে হবে। ঘানবারির মতে, ২০১৫ সালের চুক্তিতে আমেরিকার আর্থিক লাভের সুযোগ কম ছিল বলেই ২০১৮ সালে ট্রাম্প সেই চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার তাই খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের যৌথ স্বার্থ রক্ষায় অনড় ইরান।

অন্যদিকে, মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিয়ো জানিয়েছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আগ্রহী। তবে এই সমঝোতা যে অত্যন্ত জটিল হতে চলেছে, তা স্বীকার করে নিয়েছে হোয়াইট হাউস। একদিকে যখন আলোচনার প্রস্তুতি চলছে, তখন অন্যদিকে ইরানকে চাপে রাখতে পশ্চিম এশিয়ায় দুটি রণতরী মোতায়েন করেছে আমেরিকা। সব মিলিয়ে পরমাণু চুক্তি ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *