ডিজিটাল গ্রেপ্তারি থেকে ভুয়া লগ্নি, পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে কোটি কোটি টাকার ‘মিউল অ্যাকাউন্ট’ ফাঁস! – এবেলা

এবেলা ডেস্কঃ
পার্ক স্ট্রিটের একটি বেসরকারি ব্যাঙ্ক শাখায় বেশ কয়েকটি ‘মিউল’ বা ভাড়ার অ্যাকাউন্টের সন্ধান পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জাতীয় সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া অভিযোগ পর্যালোচনা করতে গিয়েই চাঞ্চল্যকর এই তথ্য উঠে আসে। পুলিশ সূত্রের খবর, জালিয়াতেরা ভুয়া লগ্নি, শেয়ার ট্রেডিংয়ের লোভনীয় প্রস্তাব, ডিজিটাল গ্রেপ্তারির ভয় দেখানো, কিংবা ব্যাঙ্ক আধিকারিক সেজে কেওয়াইসি আপডেটের নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। সংগৃহীত সেই প্রতারণার অর্থই লেনদেনের জন্য ব্যবহার করা হতো পার্ক স্ট্রিটের ওই নির্দিষ্ট অ্যাকাউন্টগুলিতে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রায় ২ কোটি ৪৪ লক্ষ ৮৩ হাজার টাকার সাইবার জালিয়াতি চালানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা জমা পড়ার পর দ্রুত তা অন্য নানা অ্যাকাউন্টে সরিয়ে নেওয়া হতো। বর্তমানে পুলিশ ব্যাঙ্কের লেনদেনের যাবতীয় নথি, ডিজিটাল তথ্যপ্রমাণ এবং অ্যাকাউন্ট খোলার সময় জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখছে। কারা এই ভুয়া অ্যাকাউন্টগুলি খুলেছিল এবং নেপথ্যে থেকে কারা পরিচালনা করছিল, সেই মূল চক্রীদের চিহ্নিত করতেই জোরকদমে তল্লাশি চলছে।
