‘তৃণমূল কারও বাপের সম্পত্তি নয়’, কমিশন থেকে বেরিয়ে বিস্ফোরক ঋতব্রত – এবেলা

এবেলা ডেস্কঃ
September 12, 20265:33 pm
দিল্লি: উপনির্বাচনের বাজনা বাজতেই তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীক ‘জোড়াফুল’ কার দখলে থাকবে—তা নিয়ে শীর্ষস্তরে সংঘাত চরমে পৌঁছাল। শনিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে প্রতীকের মালিকানা নিয়ে মমতাপন্থী শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
দুপুর ১১টা থেকে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে ঋতব্রত শিবির। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বলেন, “কমিশনকে আমরা স্পষ্ট জানিয়ে এসেছি—’জো ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় কহে ওহি সহি’—এই সংস্কৃতি আর চলবে না। তৃণমূল কংগ্রেস একার সিদ্ধান্তে চলবে না, এটি কোনও পরিবারের দল নয়, কারও বাপের সম্পত্তিও নয়; এটা তৃণমূল স্তরের নিষ্ঠাবান কর্মীদের দল।”
নির্বাচন কমিশনের চাওয়া সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে জানিয়ে ঋতব্রত বলেন, “বিকল্প প্রতীক নিয়ে আলোচনার কোনও প্রশ্নই ওঠে না। জোড়াফুল চিহ্ন পাওয়ার বিষয়ে আমরা সম্পূর্ণ আত্মবিশ্বাসী।” একই সঙ্গে পাহাড় থেকে সাগর—রাজ্যের বড় অংশের সাংগঠনিক নেতৃত্ব তাঁদের সঙ্গে রয়েছে বলেও তিনি দাবি করেন।
আসন্ন উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে প্রতীক জট কাটাতে নির্বাচন কমিশনকে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে ঋতব্রত শিবির।
