তেরঙা ওড়ানো অপরাধ? জেলে যাওয়ার ভয় উড়িয়ে কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর ডাক অভিজিতের! – এবেলা

এবেলা ডেস্কঃ
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কেবল জাতীয় পতাকা ওড়ানোর দায়ে দলের সদস্যদের গ্রেপ্তারের প্রতিবাদে আগামী ১৬ অক্টোবর দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি দেশবাসীকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। দিল্লির বাইরে থাকা দেশবাসীকেও নিজেদের শহরে তেরঙা মার্চ করার অনুরোধ জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, জাতীয় পতাকা ওড়ানো কোনো অপরাধ নয় এবং এই দাবিতে তিনি অনড় থাকবেন।
দিল্লি পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে ককরোচ জনতা পার্টির ১৪ জন সদস্য জড়ো হয়েছিলেন। যন্তর মন্তরকে প্রতিবাদের নির্ধারিত তালিকা থেকে বাদ দেওয়ায় এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা সহ মোট ১৪ জনকে আটক করা হয়। এই ঘটনায় দিল্লি পুলিশের কনট প্লেস ও সংসদ মার্গ থানায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে।
