ত্রিপুরায় বিজেপির ভরাডুবি, অপ্রতিরোধ্য তিপ্রা মোথা!

ত্রিপুরার উপজাতি রাজনীতিতে নিজস্ব আধিপত্য বজায় রেখে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচনে বড় জয় পেয়েছে প্রদ্যোত দেববর্মার নেতৃত্বাধীন তিপ্রা মোথা পার্টি। কাউন্সিলের মোট ২৮টি আসনের মধ্যে ২৪টিতেই জয়ী হয়ে দলটি রাজ্যের প্রায় ৭০ শতাংশ ভৌগোলিক এলাকার প্রশাসনিক নিয়ন্ত্রণ নিশ্চিত করেছে। অন্যদিকে, এই নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে শাসক দল বিজেপি, যারা মাত্র চারটি আসনে জয়লাভ করতে সক্ষম হয়েছে। গতবারের মতোই এবারও বাম ও কংগ্রেস জোট কোনো আসন জিততে ব্যর্থ হয়ে শূন্য হাতে মাঠ ছেড়েছে।
২০২০ সালে গঠিত তিপ্রা মোথা টানা দ্বিতীয়বারের মতো এই কাউন্সিলের ক্ষমতায় বসল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির ‘গ্রেটার তিপ্রাল্যান্ড’-এর অঙ্গীকার এবং উপজাতি জনগোষ্ঠীর মধ্যে এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা এই জয়ে বড় ভূমিকা রেখেছে। এবারের নির্বাচনে ৮৩.৫০ শতাংশ ভোটদান এবং চূড়ান্ত ফলাফলই প্রমাণ করে যে, উপজাতি অধ্যুষিত এলাকার প্রায় ১৫ লক্ষ মানুষের কাছে দলটি অত্যন্ত জনপ্রিয়। রাজ্য সরকারে বিজেপি ও তিপ্রা মোথা জোটসঙ্গী হলেও কাউন্সিলের লড়াইয়ে তারা একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছিল। এই ফলাফল একদিকে যেমন প্রদ্যোত দেববর্মার নেতৃত্বকে শক্তিশালী করেছে, তেমনি আগামী বিধানসভা নির্বাচনে উপজাতি এলাকাগুলোতে তিপ্রা মোথার দরকষাকষির ক্ষমতাও বাড়িয়ে দিয়েছে।
