দলকে শেষ করতে চাইছে রাহুল! ‘বিশ্বাসঘাতক’ ও ‘অপরিণত’ বলে তীব্র আক্রমণ জোটসঙ্গী DMK-এর – এবেলা

এবেলা ডেস্কঃ
চেন্নাই: বিরোধী শিবিরের ঐক্যে এবার বড়সড় ফাটল। তামিলনাড়ুর অভিনেতা তথা রাজনীতিক থলপতি বিজয়ের নতুন রাজনৈতিক দলকে সমর্থন করায় এবার খোদ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র ভাষায় আক্রমণ শোনাল জোটসঙ্গী ডিএমকে (DMK)। এম কে স্ট্যালিনের দল স্পষ্ট ভাষায় জানিয়েছে, বিরোধী জোটকে দুর্বল করার জন্য একমাত্র রাহুল গান্ধিই দায়ী।
ডিএমকে-র দলীয় মুখপত্র ‘মুরাসলি’-তে রাহুল গান্ধিকে ‘রাজনৈতিকভাবে অপরিণত’ এবং ‘বিশ্বাসভঙ্গকারী’ বলে কটাক্ষ করা হয়েছে। সম্প্রতি দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র বৈঠকে রাহুলের ঐক্যের বার্তা দেওয়া প্রসঙ্গে ডিএমকে-র খোঁচা— রায়বরেলীর কংগ্রেস সাংসদের অত্যন্ত বিলম্বে বোধোদয় হয়েছে।
দক্ষিণের রাজনীতিতে বিজয়ের দল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস তথা রাহুল গান্ধির এই সমীকরণকে ভালো চোখে দেখছে না স্ট্যালিনের দল। লোকসভা নির্বাচনের পর থেকেই বিরোধী জোটের অন্দরে যে ফাটল তৈরি হচ্ছিল, ডিএমকে-র এই নজিরবিহীন আক্রমণ তা আরও স্পষ্ট করে দিল। রাজনৈতিক মহলের মতে, রাহুলের এই পদক্ষেপের জেরে তামিলনাড়ুর দীর্ঘদিনের ডিএমকে-কংগ্রেস জোটে এবার স্থায়ী ভাঙন ধরতে পারে।
