দাম কমবে স্মার্টফোনের? GST ১৮% থেকে ৫% করার মেগা প্রস্তাব অর্থমন্ত্রীকে! – এবেলা

এবেলা ডেস্কঃ
September 18, 20266:08 pm
স্মার্টফোনের আকাশছোঁয়া দাম নিয়ন্ত্রণে এবার নজিরবিহীন পদক্ষেপের দাবি তুলল দেশের মোবাইল শিল্প। জিএসটি (GST) এক ধাক্কায় কমিয়ে সাধারণ মানুষের পকেটে স্বস্তি দিতে উদ্যোগী হয়েছে ‘ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন’ (ICEA)।
কী প্রস্তাব দেওয়া হয়েছে? কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি পাঠিয়ে মোবাইলের উপর বর্তমান ১৮% জিএসটি কমিয়ে ৫% করার জোরালো আর্জি জানানো হয়েছে। আগামী জিএসটি কাউন্সিলের বৈঠকে এই বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্তের আর্জি জানিয়েছে সংগঠনটি।
কেন হু-হু করে বাড়ছে মোবাইলের দাম?
- যন্ত্রাংশের আকাশছোঁয়া দাম: বিশ্বজুড়ে এআই (AI) প্রযুক্তির দাপটে মেমোরি চিপের চাহিদা তুঙ্গে। ফলে স্টোরেজ উপাদান বা মেমোরির দাম বাজারে প্রায় ৪ গুণ বেড়ে গেছে।
- টাকার অবমূল্যায়ন: ডলারের বিপরীতে ভারতীয় টাকার মান কমায় বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানির খরচ অনেক বেড়েছে।
- সস্তার ফোনে ধাক্কা: গত এক বছরে ১০ হাজার টাকার নিচের বা এন্ট্রি-লেভেল স্মার্টফোনের দাম ৩৫% থেকে ৪৫% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
সংকটে সাশ্রয়ী স্মার্টফোনের বাজার উচ্চ কর এবং উৎপাদনের খরচ বাড়ার কারণে ১০ হাজার টাকার বাজেটের ফোন এখন বাজারে মোট সরবরাহের ৫ শতাংশেরও কম। ফলে ডিজিটাল ইন্ডিয়ার যুগেও দেশের একটি বড় অংশের মানুষ স্মার্টফোন কেনা থেকে পিছিয়ে পড়ছেন।
জিএসটি হার ৫ শতাংশে নেমে এলে করের চাপ কমবে, ফলে নির্মাতারা কম দামে ভালো ফোন বাজারে আনতে পারবেন। এখন দেখার বিষয়, আসন্ন জিএসটি কাউন্সিলে এই প্রস্তাব সবুজ সংকেত পায় কি না।
