দিঘায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্যমৃত্যু, সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বীরেন্দ্র সিং

দিঘায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের রহস্যমৃত্যু, সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী বীরেন্দ্র সিং

নির্বাচনের প্রাক্কালে উত্তপ্ত দিঘা। নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন বীরেন্দ্র সিং (৪৩) নামে এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। শুক্রবার সকালে দিঘা মোহনা থানার অন্তর্গত পদিমা-২ গ্রাম পঞ্চায়েতের দিঘা বিদ্যাভবন হাই স্কুলের অস্থায়ী ক্যাম্পে এই ঘটনাটি ঘটেছে। এই আকস্মিক ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

মৃত জওয়ান বীরেন্দ্র সিং হরিয়ানার গোসাই এলাকার বাসিন্দা এবং ১৩১ ব্যাটেলিয়ানের সদস্য ছিলেন। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে দিঘায় এসেছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে হঠাতই গুলির শব্দে সহকর্মীরা ছুটে এসে বীরেন্দ্রর রক্তাক্ত দেহ উদ্ধার করেন। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

মৃত জওয়ানের বাবার নাম রাই সিং। তবে কী কারণে তিনি এমন চরম পথ বেছে নিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠিয়েছে। জওয়ানের ব্যক্তিগত কোনও মানসিক চাপ ছিল কি না, নাকি ডিউটির কোনও বিষয় এর পেছনে দায়ী, তা খতিয়ে দেখতে সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নির্বাচনী আবহে এই ঘটনা বাহিনীর সুরক্ষা ও মনোবল নিয়ে প্রশ্ন তুলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *