‘দিমাগি নকশালদের চিহ্নিত করে সমাজচ্যুত করুন’, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর গর্জন – এবেলা

‘দিমাগি নকশালদের চিহ্নিত করে সমাজচ্যুত করুন’, লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর গর্জন – এবেলা

এবেলা ডেস্কঃ

৮০ তম স্বাধীনতা দিবসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সময় মাওবাদী ও নকশালদের কড়া ভাষায় সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সশস্ত্র নকশাল দমনে গত কয়েক বছরে তাঁর সরকারের অভাবনীয় সাফল্যের কথা তুলে ধরার পাশাপাশি, ‘চিন্তাধারায় নকশাল’ বা ‘দিমাগি নকশালদের’ বিরুদ্ধে সরব হন তিনি।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একশ্রেণীর মাওবাদী চিন্তাধারার মানুষ দেশের প্রশাসনিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ পদে বসে নীতি নির্ধারণে প্রভাব খাটিয়েছে। জঙ্গল থেকে সশস্ত্র নকশালদের প্রায় নির্মূল করা সম্ভব হলেও, সমাজের বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা এই ‘দিমাগি নকশালরা’ এখনও দেশে নৈরাজ্য ও হিংসা ছড়ানোর ছক কষছে। এই ধরণের মনোভাবাপন্ন মানুষদের দ্রুত চিহ্নিত করে সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা বয়কট করার আহ্বান জানান তিনি।

২০১৪ সালে ক্ষমতায় আসার স্মৃতিচারণ করে মোদি জানান, একসময়ের রক্তস্নাত মাওবাদী এলাকাগুলিতে আজ উন্নয়নের হাওয়া বইছে এবং সেখানেই উড়ছে বিশ্বাসের তেরঙা। দেশের যুবসমাজকে এই বিভ্রান্তিকর আদর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী ২০৪৭ সালের মধ্যে ‘উন্নত ভারত’ গড়ার লক্ষে সবাইকে মূলস্রোতে সামিল হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর এই বার্তা থেকে পরিষ্কার যে, তাঁর সরকার কেবল সশস্ত্র নকশাল দমনই নয়, বরং প্রশাসনিক ও বুদ্ধিবৃত্তিক স্তরে প্রভাব বিস্তারকারী মাওবাদী ভাবধারাকেও শক্ত হাতে উপড়ে ফেলতে বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *