দিল্লি সফর নিয়ে বড় মোড়! মোদীর বিশেষ আমন্ত্রণে কী বার্তা দিলেন তারেক রহমান? – এবেলা

এবেলা ডেস্কঃ
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর ঘিরে কূটনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে চলা ব্রিকস শীর্ষ সম্মেলনের বিশেষ অধিবেশন এবং দ্বিপাক্ষিক আলোচনার জন্য দুটি পৃথক আমন্ত্রণ জানিয়েছেন। তবে সফরটি এখনও চূড়ান্ত হয়নি। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, ঢাকা ইতিবাচক মনোভাব দেখালেও প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচি এবং দুই দেশের চলমান দ্বিপাক্ষিক আলোচনার অগ্রগতির ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর ভারত-বাংলাদেশ সম্পর্কের বরফ গলাতে এই সম্ভাব্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে। ঢাকা স্পষ্ট জানিয়েছে, দিল্লির আমন্ত্রণ ফিরিয়ে দেওয়া হয়নি; বরং পরিস্থিতি অনুকূল হলে প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারেন। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মুখোমুখি আলোচনা অমীমাংসিত বিষয়গুলোর সমাধানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এই হাই-প্রোফাইল সফরের দিকেই এখন নজর কূটনৈতিক বিশেষজ্ঞদের।
