দিল্লিতে পা রাখতেই নাটকীয় আটক! যন্তর মন্তরের হাইভোল্টেজ বিক্ষোভের আগে পুলিশি হেফাজতে অভিজিৎ-সৌরভরা – এবেলা

এবেলা ডেস্কঃ
মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। যন্তর মন্তরে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে মুম্বই থেকে দিল্লিতে পা রাখতেই পুলিশি হেফাজতের মুখে পড়লেন কক্রোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রানকা। শনিবার বিমান অবতরণের পর বিমানবন্দর থেকেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। রবিবারও তাঁদের হেফাজতেই রাখা হয়েছে। সিজেপির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই আটক এবং ভোটার তালিকা সংশোধন বিতর্ককে ধামাচাপা দিতেই তাদের আন্দোলন বানচালের চেষ্টা চলছে।
অন্যদিকে, আগাম অনুমতি না থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই এই প্রতিরোধমূলক পদক্ষেপ বলে দাবি পুলিশের। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। শনিবারের বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীওয়ালের মতো প্রথম সারির নেতাদের আটক ও ব্যাপক ধরপাকড়ের পর রবিবারেও উত্তপ্ত দিল্লির রাজপথ। ব্যারিকেড ও অতিরিক্ত বাহিনী মোতায়েন করে কড়া নিরাপত্তা বজায় রাখা হয়েছে। সোমবার কংগ্রেসের নেতৃত্বে ‘ইন্ডিয়া’ জোটের আন্দোলনের ডাকে বিতর্ক রাজনৈতিক সংঘাতের রূপ নিয়েছে।
