দুপুরের ভারী খাবারের পর ‘ফুড কোমা’? অজান্তেই কোনো বড় শারীরিক বিপদের বার্তা নয় তো! – এবেলা

এবেলা ডেস্কঃ
দুপুরের ভারী খাবারের পর অনেকেরই চোখের পাতা ভারী হয়ে আসে এবং কাজে মন দেওয়া কঠিন হয়ে পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সাময়িক ঘুমঘুম ভাবকে ‘পোস্টপ্র্যান্ডিয়াল সোমনোলেন্স’ বা চলতি কথায় ‘ফুড কোমা’ বলা হয়। বিশেষজ্ঞদের মতে, একবারে অতিরিক্ত খাবার খেলে, বিশেষ করে মেনুতে পরিশোধিত কার্বোহাইড্রেট, চিনি বা চর্বিজাতীয় উপাদান বেশি থাকলে রক্তে শর্করা ও ইনসুলিনের মাত্রা দ্রুত পরিবর্তিত হয়। এর পাশাপাশি শরীরের স্বাভাবিক হরমোনাল প্রতিক্রিয়া, সার্কাডিয়ান রিদম এবং আগের রাতের অপর্যাপ্ত ঘুমও এই ঝিমুনির অন্যতম প্রধান কারণ হতে পারে।
তবে মাঝেমধ্যে খাওয়ার পর হালকা ঘুম পাওয়া স্বাভাবিক হলেও, প্রতিদিন অতিরিক্ত ক্লান্তি অনুভব করা মোটেও সাধারণ বিষয় নয়। অতিরিক্ত পরিমাণের খাবার না খেয়েও যদি নিয়মিত তীব্র অবসন্নতা দেখা দেয়, তবে সতর্ক হওয়া জরুরি। কারণ দীর্ঘস্থায়ী এই ঘুমঘুম ভাব টাইপ-২ ডায়াবেটিস, থাইরয়েডের সমস্যা, রক্তাল্পতা কিংবা ইনসুলিন রেজিস্ট্যান্সের মতো জটিল শারীরিক অবস্থার আগাম লক্ষণ হতে পারে। তাই সুষম খাদ্য তালিকা মেনে চলার পাশাপাশি অতিরিক্ত তেষ্টা, চোখে ঝাপসা দেখা বা ঘন ঘন প্রস্রাবের মতো উপসর্গ থাকলে অবিলম্বে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
