‘দুর্গা’র পর ‘দিব্যা’: খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, পার্পল লাইনের মেট্রো সুড়ঙ্গে নতুন মাইলফলক – এবেলা

‘দুর্গা’র পর ‘দিব্যা’: খিদিরপুর থেকে ভিক্টোরিয়া, পার্পল লাইনের মেট্রো সুড়ঙ্গে নতুন মাইলফলক – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: জোকা-বিবাদী বাগ (পার্পল লাইন) মেট্রো প্রকল্পের কাজে এল বড় সাফল্য। ‘দুর্গা’র সাফল্যের পর এ বার কংক্রিটের দেওয়াল ফুঁড়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে বেরিয়ে এল দ্বিতীয় টানেল বোরিং মেশিন (টিবিএম) ‘দিব্যা’।

মঙ্গলবার বেলা ঠিক ১২টা নাগাদ মেট্রো রেলের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত এই সুড়ঙ্গ খননের কাজ শেষ হয়। ঠিক ১০ মাস আগে খিদিরপুরের সেন্ট টমাস স্কুল প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে ১.৭ কিলোমিটার পথ পেরিয়ে ভিক্টোরিয়ায় পৌঁছাল ‘দিব্যা’। এর আগে গত জুলাই মাসে প্রথম টিবিএম ‘দুর্গা’ এই একই পথ খনন করার কাজ সম্পূর্ণ করেছিল।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার প্রেমসাগর গুপ্ত এই সাফল্যে আনন্দ প্রকাশ করে জানান, কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই নিরাপদে এই খননকাজ সম্পন্ন হয়েছে।

পরবর্তী পদক্ষেপ: আপাতত ‘দুর্গা’ ও ‘দিব্যা’র রক্ষণাবেক্ষণের কাজ চলবে। এর পর ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বাকি ৯১৪ মিটার অংশে সুড়ঙ্গ তৈরি করবে এই দুটি মেশিন। পার্ক স্ট্রিট থেকে এসপ্লানেড পর্যন্ত শেষ ২০০ মিটার অংশে ‘কাট অ্যান্ড কভার’ পদ্ধতিতে কাজ হবে।

অতীতে জমি জট ও আইনি জটিলতায় তারাতলা থেকে পার্ক স্ট্রিট অংশের কাজ আটকে থাকলেও, এখন দ্রুত গতিতে এগোচ্ছে প্রকল্প। বর্তমানে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো চলাচল করছে। মেট্রো কর্তৃপক্ষের আশা, ২০২৯ সালের মধ্যেই জোকা-বিবাদী বাগ রুটে পূর্ণাঙ্গ মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *