নয়া মোড়! খোদ এনটিএ আধিকারিকদের হাত ধরেই ফাঁস হয়েছে ২০২৬ সালের নিট প্রশ্নপত্র? – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: ২০২৬ সালের নিট (ইউজি) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সিবিআই। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে পেশ করা চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবি করেছে, শেষলগ্নে বা ছাপাখানা থেকে নয়, বরং পূর্বপরিকল্পিতভাবে পরীক্ষার বহু আগেই শীর্ষস্তর থেকেই প্রশ্ন ফাঁস করেছিলেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র তিন বিশেষজ্ঞ। অভিযুক্তদের তালিকায় রয়েছেন বটানি-জুলজির বিশেষজ্ঞ মনীষা গুরুনাথ মান্ধারে, কেমিস্ট্রির প্রহ্লাদ বিঠ্ঠলরাও কুলকার্নি ও ফিজিক্সের বিশেষজ্ঞ মনীষা সঞ্জয় হাভালদার। বিপুল অর্থের বিনিময়ে দালাল নেটওয়ার্কের মাধ্যমে এই চক্র পরিচালিত হয়েছে বলে অভিযোগ।
তদন্তে জানা গেছে, পরীক্ষার আগে পুনেতে বিশেষ রিভিশন সেশনের আয়োজন করে বাছাই করা পরীক্ষার্থীদের প্রশ্ন ও উত্তর মুখস্থ করানো হয়েছিল। এমনকি হাতে লেখা নোট, মৌখিক ডিকটেশন এবং ছবি তোলার মাধ্যমে তা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্র থেকে শুরু করে গুরুগ্রাম ও জয়পুর পর্যন্ত বিস্তৃত এই চক্রে টেলিগ্রামের মাধ্যমে পিডিএফ ফাইল পাঠিয়ে ১০ থেকে ১২ লক্ষ টাকায় প্রশ্ন বিক্রি করা হয়। ইতিমধ্যে সিবিআই নগদ অর্থ ও ডিজিটাল প্রমাণের সন্ধান পেয়েছে, যা দেশের চিকিৎসা শিক্ষা ব্যবস্থাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে।
