নারীদের নিয়ে রাজনীতি বন্ধ করুক কংগ্রেস!

ভারতে নারী সংরক্ষণ আইন কার্যকরের জন্য সীমানা নির্ধারণ বা ডিলিমিটেশন প্রক্রিয়া অপরিহার্য বলে জানিয়েছেন সাবেক কেন্দ্রীয় আইনমন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে অবিলম্বে ৩৩ শতাংশ আসন নারীদের জন্য বরাদ্দ করার যে দাবি কংগ্রেস তুলেছে, তাকে তিনি ‘অসাংবিধানিক’ বলে আখ্যা দিয়েছেন। প্রসাদের ভাষ্যমতে, সীমানা নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন না করে লোকসভা বা বিধানসভার আসন বিন্যাসে কোনো ধরনের পরিবর্তন আনা আইনত সম্ভব নয়।
২০২৩ সালের নারী সংরক্ষণ আইনে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে, ২০২৬ সালের পরবর্তী প্রথম আদমশুমারির তথ্যভিত্তিতেই সীমানা নির্ধারণ করা হবে এবং সেই প্রক্রিয়ার মাধ্যমেই ৩৩ শতাংশ সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব। এই প্রক্রিয়ার গুরুত্ব তুলে ধরে প্রসাদ বলেন, ২০১১ সালের পুরোনো আদমশুমারির ওপর ভিত্তি করে আসন পরিবর্তন করা আইনসম্মত নয়। এদিকে, স্মৃতি ইরানি এ বিষয়ে কংগ্রেসের সমালোচনা করে অভিযোগ করেছেন যে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকলেও কংগ্রেস প্রকৃত কাজ না করে কেবল নারীদের স্বপ্ন দেখিয়েছে। সীমানা নির্ধারণ ছাড়া তড়িঘড়ি আসন সংরক্ষণ করলে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে আসন সংখ্যা কমে যাওয়ার ঝুঁকি রয়েছে বলেও সরকার সতর্ক করেছে।
