নির্বাচনী প্রচারে মমতার মন্তব্য ‘উস্কানিমূলক’, সিইও-র কাছে রিপোর্ট তলব কমিশনের – এবেলা
এবেলা ডেস্কঃ
উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কিছু মন্তব্যকে কেন্দ্র করে নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। বুধবার মাটিগাড়া-নকশালবাড়ির জনসভায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা ও প্রশাসনিক রদবদল নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। বিশেষ করে ভোটারদের উদ্দেশে তাঁর ‘হাতা-খুন্তি’ নিয়ে বেরোনোর আহ্বান ঘিরেই দানা বেঁধেছে বিতর্ক।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে ‘উস্কানিমূলক’ বলে আশঙ্কা করছে জাতীয় নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিও ক্লিপটি খতিয়ে দেখে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে (সিইও)। কমিশনের মতে, এই ধরণের বার্তা নির্বাচনী আবহে অশান্তি বাড়িয়ে তুলতে পারে।
ভোটের আগে রাজ্যে একের পর এক হিংসার ঘটনা ও পুলিশ আধিকারিকদের সাসপেনশন নিয়ে এমনিতেই পরিস্থিতি উত্তপ্ত। তার মধ্যে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নতুন করে রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি করেছে। বর্তমানে নির্বাচন কমিশন পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং সিইও-র রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

