পদত্যাগের পরেও থামছে না বিতর্ক! NEET আন্দোলন নিয়ে বিস্ফোরক দাবি করলেন ধমেন্দ্র প্রধান! – এবেলা

এবেলা ডেস্কঃ
সম্প্রতি NEET-UG পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের জেরে তৈরি হওয়া ছাত্র আন্দোলন নিয়ে অবশেষে মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধমেন্দ্র প্রধান। ভুবনেশ্বরের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, সেই উত্তাল সময়ে দেশের নতুন প্রজন্ম বা Gen Z-এর একাংশকে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল বুঝিয়েছিলেন। তরুণ সমাজকে দেশের ভবিষ্যৎ হিসেবে উল্লেখ করে তিনি জানান, মন্ত্রিত্ব তাঁর কাছে কখনও ব্যক্তিগত লক্ষ্য ছিল না। দেশের তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি। ২৫ জুলাই পদত্যাগের পর এটিই ছিল এই বিষয়ে তাঁর প্রথম প্রকাশ্যে মন্তব্য।
এদিকে, এই মন্তব্যকে কেন্দ্র করে ওড়িশার রাজনীতিতে নতুন করে তীব্র উত্তাপ ছড়িয়েছে। সম্বলপুর সফরে গিয়ে বিজেডির যুব ও ছাত্র সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন তিনি। ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক তাঁকে রাজ্যের জন্য ‘লজ্জা’ বলে আক্রমণ করায় পাল্টা জবাব দিয়েছেন প্রধান। অন্যদিকে, বিজেডি নেতৃত্বের অভিযোগ, NEET আন্দোলন সামলাতে ব্যর্থতা এবং যন্তর মন্তরে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের ওপর পুলিশের দমনপীড়নের জন্যই দেশজুড়ে এই ক্ষোভের তৈরি হয়েছিল। সবমিলিয়ে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর এই সাম্প্রতিক মন্তব্য ও পাল্টাপাল্টি রাজনৈতিক অভিযোগে রাজ্যজুড়ে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
