‘পায়ের নিচে পেরেকের ক্ষত, ছেঁকার দাগ!’ লকআপে স্বামীর নারকীয় মৃত্যুর বর্ণনায় বিস্ফোরক স্ত্রী জেনি – এবেলা

এবেলা ডেস্কঃ
হালিশহর: পুলিশি হেফাজতে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্যজুড়ে। পরিবারের স্পষ্ট অভিযোগ—পুলিশের নির্মম অত্যাচারের কারণেই প্রাণ হারিয়েছেন বিরজু। এই ইস্যুতে এবার সোচ্চার হলেন নিহতের স্ত্রী তথা প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জেনি শর্মা কেওত।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জেনি অভিযোগ করেন, শুধুমাত্র তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণেই তাঁর স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন:
“যেদিন ওকে তুলে নিয়ে যাওয়া হয়, তার পরদিনও ও সম্পূর্ণ সুস্থ ছিল। আমি নিজে থানায় গিয়ে দেখা করে এসেছি। কিন্তু এক রাতের মধ্যেই সব শেষ হয়ে গেল! ওর হাত-পা বেঁধে বেধড়ক পেটানো হয়েছে। পায়ে পেরেক দিয়ে ফুটো করার দাগ এবং গরম জলের ছেঁকার কালো ক্ষত রয়েছে।”
এই ঘটনায় সরাসরি হালিশহর থানার পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন তিনি।
এদিকে এই ঘটনার পর হালিশহরে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের স্ত্রী স্বামীর হত্যার সঠিক বিচার এবং পরিবারের ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান। জেনির আবেদনের ভিত্তিতে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তরফ থেকে পরিবারটিকে ১০ লক্ষ টাকার আর্থিক সাহায্য এবং তাঁকে ‘পার্সোনাল অ্যাটেন্ডেন্ট’ হিসেবে সরকারি চাকরির ঘোষণা দেন।
