পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী পরিণতি, পিসার ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের – এবেলা

এবেলা ডেস্কঃ
মালদা: পারিবারিক বিবাদের জেরে মর্মান্তিক খুনের ঘটনা ঘটল মালদার মানিকচকে। পিসার ছুরিকাঘাতে প্রাণ হারালেন ২৮ বছর বয়সী এক যুবক। নিহত যুবকের নাম শেখ রবিউল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কী ঘটেছিল?
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মানিকচকের নাজিরপুর পশ্চিম পাড়ায় পারিবারিক কোনো বিষয় নিয়ে আলতাফ মোমিনের মেয়ের সঙ্গে বচসা বাঁধে রবিউলের বৌদি সালমার। সেই সময় সালমা ও তাঁর মা আকলিমাকে মারধর করেন আলতাফ।
ঘটনার খবর পেয়ে প্রতিবাদ করতে এবং মারধরের কারণ জানতে নিজের পিসা আলতাফের কাছে যান রবিউল। অভিযোগ, সেই সময় আলতাফ ঘর থেকে ধারালো ছুরি বের করে রবিউলের ওপর এলোপাথাড়ি হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় রবিউলকে উদ্ধার করে স্থানীয় মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশি তদন্ত
ঘটনার পর থেকেই অভিযুক্ত আলতাফ মোমিন পলাতক। এদিকে, এই ঘটনায় মৃত যুবকের পরিবারে শোকের মাতম চলছে। ঘটনার খবর পেয়েই মানিকচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
