পুজোয় টানা বৃষ্টির ভ্রূকুটি! অষ্টমীতে কী বদলাবে আবহাওয়া? – এবেলা

এবেলা ডেস্কঃ
বিদায়বেলায় বর্ষার লাগাতার দাপটে পুজোর আনন্দে বাঁধ সাধছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পঞ্চমী থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা ও তৎসংলগ্ন জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে, ষষ্ঠীর দিন অর্থাৎ শুক্রবারে কলকাতায় কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এই সময়ে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুর জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।
তবে উৎসবের দিনগুলোতে কিছুটা স্বস্তির বার্তাও জুগিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের আকাশ মূলত পরিষ্কার ও শুষ্ক থাকলেও শুক্র ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে সেখানে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসবে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে রবিবার উপকূলীয় জেলাগুলোতে সাময়িক হালকা বৃষ্টি হলেও অষ্টমীর দিন থেকে পরিস্থিতির লক্ষণীয় উন্নতি ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে আকাশ পরিষ্কার হয়ে হেমন্তের শুষ্ক আবহাওয়া ফিরবে, যা পুজোর আনন্দ উৎসবে কিছুটা স্বস্তি এনে দিতে পারে।
