পুজোয় যানজট এড়াতে কড়া পদক্ষেপ প্রশাসনের, বিকেল ৪টের পর বন্ধ টোটো, থাকছে ৩টি ড্রপ গেট – এবেলা

এবেলা ডেস্কঃ
ময়নাগুড়ি:
শারদোৎসবের দিনগুলোতে মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সামলাতে এবং দর্শনার্থীদের সুরক্ষা সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে ময়দানে নামল ময়নাগুড়ি থানার পুলিশ ও প্রশাসন। পুজোয় শহরবাসীকে নির্বিঘ্নে ও নিরাপদে ঠাকুর দেখার সুযোগ করে দিতে নেওয়া হয়েছে একাধিক বড় পদক্ষেপ।
যানজট রুখতে ৩ ড্রপ গেট ও নো-এন্ট্রি জোনের কড়াকড়ি:
পুলিশ সূত্রে জানা গেছে, পুজোর দিনগুলোতে শহরে যানজট এড়াতে এবং বড় গাড়ির বেপরোয়া প্রবেশ আটকাতে বিডিও অফিস মোড়, দারিভিজা মোড় ও আসাম মোড়— এই ৩টি গুরুত্বপূর্ণ জায়গায় ড্রপ গেট বসানো হচ্ছে। এছাড়া শহরের ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে ৬টি পয়েন্টে ‘নো-এন্ট্রি’ ঘোষণা করা হয়েছে। এগুলি হলো:
- ভিআইপি মোড়
- হাসপাতালপাড়া
- বিবেকানন্দপল্লি
- শ্মশানঘাট
- সুভাষনগর স্কুল মোড়
- সিনেমা হল মোড় ও স্টেশন মোড়
বিকেল ৪টের পর নো-টোটো:
পুজো পরিক্রমায় পথচারীদের যাতে কোনো ঝক্কি পোহাতে না হয়, সে জন্য টোটোর যাতায়াতেও কঠোর রাশ টানা হয়েছে। মাইকিং করে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, পুজোর দিনগুলোতে বিকেল ৪টের পর থেকে শহরে টোটো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। রাতে দর্শনার্থীদের ভিড় না কমা পর্যন্ত এই বিধিনিষেধ বজায় থাকবে।
দর্শনার্থীদের সহায়তায় গাইড ম্যাপ ও স্বাস্থ্য পরিষেবা:
ময়নাগুড়ি থানার আইসি জানিয়েছেন, দর্শনার্থীরা যাতে সহজেই প্রতিটি বড় পুজো মণ্ডপের হদিস পান, তার জন্য শহরের বিভিন্ন জায়গায় গাইড ম্যাপ টাঙিয়ে দেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে হাতকাগজেও গাইড ম্যাপ বিলি করা হবে।
যে কোনো জরুরি স্বাস্থ্য পরিস্থিতির মোকাবিলায় পুলিশ বুথের পাশাপাশি থাকছে অ্যাম্বুলেন্সের বিশেষ ব্যবস্থা। চৌপথির পাশাপাশি শহরের আরও একটি গুরুত্বপূর্ণ মোড়ে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।
