পুজোর আগেই মাথায় হাত! নৈনিতালে হোটেল বুক করতে গিয়ে সর্বস্বান্ত বেহালার বাসিন্দা – এবেলা

এবেলা ডেস্কঃ
দুর্গাপুজোর ছুটির আনন্দ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। অনলাইনে নৈনিতালে হোটেল বুক করতে গিয়ে সাইবার জালিয়াতদের পাতা ফাঁদে পা দিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন বেহালার এক বাসিন্দা। বিশ্বস্ত মনে করে নামী হোটেলের ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করায় প্রতারকদের খপ্পরে পড়েন তিনি।
পরিবারের সঙ্গে উত্তরাখণ্ড যাওয়ার পরিকল্পনা করে লেকের ধারের একটি হোটেলের ভুয়া ওয়েবসাইটে দেওয়া নম্বরে যোগাযোগ করেন ওই ব্যক্তি। নিজেকে হোটেলের কর্মী পরিচয় দিয়ে জালিয়াতরা বুকিংয়ের নামে ২৪ হাজার টাকা হাতিয়ে নেয়। এরপর রুম কনফার্ম করার কথা বলে ওটিপি হাতিয়ে নিয়ে তাঁর ক্রেডিট কার্ড থেকে কেটে নেওয়া হয় আরও ১ লাখ ৫০ হাজার ৮৮৮ টাকা। সর্বমোট প্রায় পৌনে দু’লাখ টাকা খুইয়ে তিনি বেহালা থানায় সাইবার প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুজোর মরসুমে এই ধরনের ভুয়া ওয়েবসাইট ও প্রতারণা চক্র থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে লালবাজার। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে যেকোনো পেমেন্ট বা ওটিপি শেয়ার করার আগে ওয়েবসাইটটির সত্যতা যাচাই করার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
