পুর-দুর্নীতিতে ফাঁসলেন সুজিত বসু ও তাঁর ছেলে! পিছিয়ে গেল জামিনের শুনানি – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ও তাঁর ছেলে সমুদ্রর বিরুদ্ধে চার্জশিট পেশ করল ইডি। বৃহস্পতিবার আদালতে জমা দেওয়া ১৮৬ পাতার সাপ্লিমেন্টারি চার্জশিটে প্রাক্তন আমলা জ্যোতিষ্মান চট্টোপাধ্যায় এবং দু’টি সংস্থার নাম রয়েছে। ইডির দাবি, ২৫০ কোটি টাকার দুর্নীতিতে সুজিত ২০ কোটি টাকা তছরুপ করেছেন। প্রার্থীদের থেকে নেওয়া বিপুল পরিমাণ ঘুষের টাকা ঘুরপথে বাবা ও ছেলের কাছে পৌঁছত।
এদিকে, কলকাতা হাইকোর্টে সুজিত বসুর জামিন-আর্জির শুনানি ফের পিছিয়ে গিয়েছে। এক বর্ষীয়ান আইনজীবীর মৃত্যুতে বৃহস্পতিবার দুপুর ২টোর পর আদালতের কাজকর্ম বন্ধ হয়ে যায়। সুজিতের হয়ে প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি উপস্থিত থাকলেও শুনানি সম্ভব হয়নি। সব পক্ষের সম্মতিক্রমে আগামী ১৪ জুলাই মঙ্গলবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
