পুরপ্রশাসক নয়, ভোটে ফিরবে পুরসভা! ভাটপাড়ার সভা থেকে বড় ঘোষণা অর্জুনের – এবেলা

এবেলা ডেস্কঃ
দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা কাটাতে ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজ্যের শ্রম ও পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন, পুরপ্রশাসক বসিয়ে আর নয়, এবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় পুরসভা পরিচালনার সময় এসেছে। সেই লক্ষ্যেই আগামী নভেম্বর মাসে ভাটপাড়া-সহ এই শিল্পাঞ্চলের একাধিক পুরসভায় নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে।
পুরসভায় ‘বিলাসিতা’ নিয়ে তোপ: ভাটপাড়া পুরসভায় প্রশাসকদের সাথে এক উচ্চপর্যায়ের বৈঠকে অর্জুন সিং ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন, “পুরসভার চেয়ারম্যানের অফিস কি ফাইভস্টার হোটেল? এত বিলাসিতা কিসের জন্য?” জনসেবার জায়গাটিকে তিনি স্বচ্ছ ও সাধারণ মানুষের উপযোগী করার ওপর জোর দেন।
নভেম্বরেই ভোটের দামামা: কাঁচড়াপাড়া, হালিশহর, নৈহাটি, ভাটপাড়া, গারুলিয়া ও ব্যারাকপুর—এই পুরসভাগুলোতে কাউন্সিলরদের গণপদত্যাগের ফলে নাগরিক পরিষেবা তলানিতে ঠেকেছে। মানুষের এই চরম ভোগান্তি নিয়ে মন্ত্রী বলেন, “পুরপ্রশাসক বসিয়ে দীর্ঘকাল পুরসভা চালানো গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী। জনস্বার্থে দ্রুত নির্বাচনের প্রয়োজন রয়েছে, তাই নভেম্বরেই ভোট হওয়ার কথা।”
পেনশন ও দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা: বৈঠকে মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি আধিকারিকদের নির্দেশ দেন, পেনশনের বকেয়া ফাইল দ্রুত নিষ্পত্তি করতে হবে, কারণ এটিই প্রবীণ কর্মীদের জীবনধারণের একমাত্র অবলম্বন।
একই সাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “গত কয়েক বছরে পুরসভায় যারা দুর্নীতির সাথে যুক্ত ছিলেন, তারা শুধরে যান। সময় থাকতে না বদলালে পরিণতি ভালো হবে না।”
অর্জুন সিংয়ের এই কঠোর অবস্থান এবং নভেম্বরে ভোটের ইঙ্গিত ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি করেছে।
