পুরুলিয়ায় ঝড় তুলবেন হেমন্ত সোরেন, সন্ধ্যারানির সমর্থনে প্রচারে বড় চমক!

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে শনিবার নির্বাচনী প্রচারে জঙ্গলমহলে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী তথা ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সুপ্রিমো হেমন্ত সোরেন। শনিবার পুরুলিয়া জেলা থেকে প্রচার শুরু করে তিনি বান্দোয়ান, মানবাজার এবং কাশীপুর—এই তিনটি বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের সমর্থনে পৃথক তিনটি জনসভায় ভাষণ দেবেন। জানা গেছে, হেমন্ত সোরেনের এই কর্মসূচিতে তাঁর স্ত্রী কল্পনা সোরেনও উপস্থিত থাকতে পারেন।
নির্বাচন সামনে রেখে আদিবাসী অধ্যুষিত এই তিন বিধানসভা কেন্দ্রকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এই সফরের মাধ্যমে ঝাড়খণ্ডে বিজেপির ব্যর্থতা ও প্রতিশ্রুতির অসারতার উদাহরণ তুলে ধরে স্থানীয় ভোটারদের প্রভাবিত করাই জেএমএম সুপ্রিমোর মূল লক্ষ্য। দলের শীর্ষ নেতৃত্বের এই প্রচারে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং জঙ্গলমহলের রাজনৈতিক সমীকরণে এই সফরের প্রভাবকে বিশেষ গুরুত্ব সহকারে দেখছে সংশ্লিষ্ট মহল।
