পুরুলিয়ার মাটি থেকে আদিবাসী মুখ্যমন্ত্রী কি তবে বড় চমক!

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে আদিবাসী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি এক জনসভায় ওড়িশা ও আসামের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী জানান, বিজেপি আদিবাসী সমাজ থেকে মুখ্যমন্ত্রী মনোনীত করেছে। রাজ্যের জঙ্গলমহল অঞ্চলকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে, তৃণমূল কংগ্রেস আদিবাসীদের কেবল ভোটব্যাঙ্ক হিসেবে ব্যবহার করেছে।
নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি সরকার আদিবাসীদের জন্য বাজেট তিন গুণ বৃদ্ধি করেছে এবং বিরসা মুন্ডার জন্মদিনকে ‘জনজাতি গৌরব দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এছাড়া দেশের সর্বোচ্চ পদে আদিবাসী নারীকে বসানোর বিষয়টিও তিনি তুলে ধরেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরুলিয়া ও জঙ্গলমহল থেকে বড় নেতৃত্বের উত্থানের ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী আদতে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে নিজেদের গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের চেষ্টা করছেন।
