আবাস যোজনা থেকে স্বাস্থ্য বিমা, বাংলার মা-বোনেদের জন্য মোদীর বড় প্রতিশ্রুতি!
পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা ও ক্ষমতায়ন নিয়ে জোরালো বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যের বর্তমান শাসকদলের সমালোচনা করে তিনি অভিযোগ করেছেন যে, কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে বাংলার মহিলারা বঞ্চিত হচ্ছেন। প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, রাজ্যের মা-বোনদের নিরাপত্তা প্রদানই বিজেপির প্রাথমিক লক্ষ্য এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে কেন্দ্রীয় সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।
বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে পিএম আবাস যোজনার আওতায় পাকা বাড়ি তৈরির জন্য মহিলাদের দেড় লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এছাড়া উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা এবং কিডনি রোগীদের জন্য সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে ডায়ালাইসিসের সুবিধার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসাম, ওড়িশা বা গুজরাতের মতো রাজ্যগুলোর তুলনায় বাংলার নারীরা সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে আছেন বলে দাবি করে প্রধানমন্ত্রী এ পরিস্থিতির পরিবর্তনের ওপর জোর দিয়েছেন।
