কলকাতা পুরসভাকে ৬০০ কোটি টাকার বড় অনুদান! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: কলকাতা পুরসভার (KMC) কাজের গতি বাড়াতে এবার এক ধাক্কায় ৬০০ কোটি টাকা বরাদ্দ করার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলকাতা পুরসভায় এসে তিনি এই আর্থিক প্যাকেজের কথা জানান। পাশাপাশি, শহরের উন্নয়ন ও পরিকাঠামো নিয়ে একগুচ্ছ কড়া ও গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
পুরসভা সূত্রে জানা গেছে, এর আগে ‘নমামী গঙ্গা’ প্রকল্পের কাজ আশানুরূপ বা সঠিকভাবে হয়নি। সেই খামতি পূরণ করতে এবং গঙ্গা সংলগ্ন এলাকার কাজ দ্রুত শেষ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ এই তহবিল থেকে ৫০০ কোটি টাকা দেওয়া হবে। বাকি টাকা পুরসভার অন্যান্য উন্নয়নমূলক খাতে খরচ করা হবে।
ওয়ার্ড পুনর্বিন্যাস ও বিশেষ নজরদারির নির্দেশ:
এদিন প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আগামী দিনে কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস (De-limitation) করা হবে। কলকাতার পাশাপাশি হাওড়া এবং বিধাননগর পুরনিগমের ওপরেও বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। নাগরিক পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, সেদিকেই মূল লক্ষ্য প্রশাসনের।
‘আমরা-ওরা নয়, সবাই মিলে কাজ করুন’
রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নয়নের কাজে সবাইকে শামিল হওয়ার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানান, “আমরা-ওরা রাজনীতি নয়, দলমত নির্বিশেষে সবাই মিলে একসঙ্গে মানুষের জন্য কাজ করতে হবে।” কলকাতার আধুনিকীকরণ ও নাগরিক সুবিধা বাড়াতে পুরসভার এই মেগা বরাদ্দ আগামী দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
