পুলিশে যোগ দেওয়ার স্বপ্ন, নিয়মিত গীতা পাঠ, গাইঘাটায় এনকাউন্টারের পর বিস্ফোরক মৃত যুবকের মা – এবেলা

এবেলা ডেস্কঃ
গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত প্রহ্লাদ দাসের এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে তার পরিবার। অভিযুক্তের মা রেখা দাসের দাবি, তাঁর ছেলে সত্যিই অপরাধ করে থাকলে পুলিশ আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করতে পারত। কিন্তু এভাবে এনকাউন্টারে তাকে হত্যা করা উচিত হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একইসঙ্গে পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। মা রেখা দাস আরও জানান, প্রহ্লাদ পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখত এবং মন শান্ত রাখতে নিয়মিত গীতা পাঠ করত।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গোবরডাঙা হিন্দু কলেজে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করলেও সাংসারিক অনটনের কারণে তা বন্ধ করতে বাধ্য হয় প্রহ্লাদ। এলাকার পরিচিত মহলে সে নির্ঝঞ্ঝাট ছেলে হিসেবেই পরিচিত ছিল এবং কখনোই কোনো অশান্তির সঙ্গে যুক্ত ছিল না। মায়ের দাবি, এনকাউন্টারের আগে প্রহ্লাদকে যখন হাত বাঁধা অবস্থায় বাড়ি আনা হয়েছিল, তখন সে কীভাবে পুলিশের বন্দুক ছিনিয়ে হামলা চালাল তা বিশ্বাসযোগ্য নয়। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে কড়া নিরাপত্তায় তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং বুধবার বাড়িতে শুরু হয় শ্রাদ্ধের প্রাথমিক আচার অনুষ্ঠান।
