পেঙ্গুইনের আইনি ধামাকায় হার না মেনে নয়া চমক! নির্ধারিত দিনেই আসছে সোনিয়ার বহুল আলোচিত আত্মজীবনী – এবেলা

এবেলা ডেস্কঃ
কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লভ’ পূর্ব নির্ধারিত ১০ নভেম্বরেই প্রকাশিত হতে চলেছে। বিতর্কিত তথ্য সংশোধন না করার কারণে পেঙ্গুইন র্যান্ডম হাউস বইটি প্রকাশে রাজী না হওয়ায় জলঘোলা শুরু হয়েছিল, এমনকি বিজেপির রাজনৈতিক চাপের অভিযোগও তোলে কংগ্রেস। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেশের অন্যতম শীর্ষ প্রকাশনা সংস্থা ‘হার্পার কলিন্স ইন্ডিয়া’ বইটি প্রকাশের দায়ভার গ্রহণ করেছে এবং বিশ্বজুড়ে আলফ্রেড এ. নফ এটি আন্তর্জাতিক বাজারে পরিবেশন করবে।
ইতালির শৈশব, কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে সাক্ষাৎ, ইন্দিরা ও রাজীব গান্ধীর মর্মান্তিক হত্যাকাণ্ড এবং ২০০৪ সালে দেশের প্রধানমন্ত্রী পদের সুযোগ প্রত্যাখানের মতো অত্যন্ত স্পর্শকাতর ও ঐতিহাসিক ঘটনা উঠে আসবে এই বইতে। নেহরু-গান্ধী পরিবারের রাজনৈতিক ইতিহাস ও পারিবারিক স্মৃতির বিরল অভ্যন্তরীণ কোণ তুলে ধরা এই বইটি প্রকাশের খবরটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে চূড়ান্ত আলোড়ন সৃষ্টি করেছে।
