প্রাণনাশের হুমকি! কমিশনের দ্বারে আতঙ্কিত শৌর্য্য

বসিরহাট দক্ষিণের বিজেপি প্রার্থীকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ দায়ের
বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শৌর্য্য বন্দ্যোপাধ্যায়কে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার ঘোজাডাঙ্গা এলাকায় নির্বাচনী প্রচার চালানোর সময় এই ঘটনাটি ঘটে। দীপ্তেশ দে নামের এক ব্যক্তি নিজেকে পরিচয় দিয়ে প্রার্থী ও তাঁর পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। নির্বাচনের ঠিক আগেই এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার পর শৌর্য্য বন্দ্যোপাধ্যায় বসিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং বিষয়টি নির্বাচন কমিশনকেও অবহিত করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে, ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র (বাদল) এই ঘটনাকে অনভিপ্রেত ও গণতন্ত্র পরিপন্থী বলে উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কোনো প্রার্থীকে ব্যক্তিগতভাবে আক্রমণ বা ভয় দেখানো সমর্থনযোগ্য নয়।
