মহিলা সংরক্ষণ বিল নিয়ে তোলপাড় লোকসভা, ধর্মীয় সংরক্ষণের বিরোধিতায় গর্জে উঠলেন অমিত শাহ!

সংসদের বিশেষ অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় মহিলা সংরক্ষণ বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল পেশ করেছে কেন্দ্রীয় সরকার। তবে অধিবেশন শুরু হতেই আসন পুনর্বিন্যাস বিল নিয়ে বিরোধীদের তীব্র আপত্তির মুখে পড়ে সরকারপক্ষ। সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব অভিযোগ করেন, সরকার সংবিধানকে বিকৃত ও বিনষ্ট করার চেষ্টা করছে। বিশেষ করে জনগণনা থেকে আসন পুনর্বিন্যাসকে আলাদা করার বিষয়ে বিরোধী শিবির সরব হয়েছে। এছাড়া, ওবিসি ও মুসলিম মহিলাদের জন্য সংরক্ষণের দাবিতে অটল থেকে সমাজবাদী পার্টি সাফ জানিয়েছে, এই দাবি পূরণ না হলে তারা বিলে সমর্থন জানাবে না।
বিরোধীদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, বিলের ব্যাখ্যা না শুনেই কেন শুরুতেই বিরোধিতা করা হচ্ছে, তা আগে স্পষ্ট হওয়া প্রয়োজন। তিনি জানান, সরকার সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। একইসঙ্গে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চাওয়াকে অসাংবিধানিক বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরও উল্লেখ করেন যে, জনগণনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং জাতিভিত্তিক জনগণনার তথ্যও সংগ্রহ করা হবে।
