ফোন হ্যাক করে ফাঁসানোর মারাত্মক ষড়যন্ত্র! বিমান থেকে নেমেই বিস্ফোরক অভিযোগ সিজেপি নেতার – এবেলা

এবেলা ডেস্কঃ
দিল্লি বিমানবন্দর থেকে নাটকীয় কায়দায় আটকের পর চাঞ্চল্যকর অভিযোগ তুললেন ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র নেতা সৌরভ দাস। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, বিমান থেকে নামানোর সময় পুলিশ তাঁদের মোবাইল ফোন কেড়ে নেয়। কিন্তু ফোন বাজেয়াপ্ত করার কোনো সঠিক তালিকা বা সিজার লিস্ট দেওয়া হয়নি। তাঁদের আশঙ্কা, এই সুযোগে ফোনগুলি হ্যাক বা ক্লোন করা হয়েছে। আগামী দিনে কোনো গভীর ষড়যন্ত্রে ফাঁসানোর উদ্দেশ্যে ফোনে আপত্তিজনক জাল নথি ঢুকিয়ে দেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। ভীমা কোরেগাঁও মামলায় ধৃত ফাদার স্ট্যান স্বামীর ঘটনার ছায়ার কথা মনে করিয়ে দিয়েই এই বিস্ফোরক অভিযোগ তোলেন তিনি।
শনিবার সকালে মুম্বই থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে অবতরণের পরই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে এবং দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসছিলেন তাঁরা। সারাদিন আটক রাখার পর রবিবার সকালে তাঁদের মুক্তি দেওয়া হয়। এই ঘটনায় দিল্লির আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে রাজনৈতিক মহল।
