ফ্রান্সে জন্ম হয়নি, তবুও নাম কেন ফ্রেঞ্চ ফ্রাইস? জানুন এর আসল ইতিহাস – এবেলা

এবেলা ডেস্কঃ
ফ্রেঞ্চ ফ্রাইসের নামের সঙ্গে ‘ফ্রেঞ্চ’ যুক্ত থাকলেও এর জন্মস্থান নিয়ে ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনের মধ্যে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। সবচেয়ে জনপ্রিয় দাবিটি বেলজিয়ামের। বলা হয়, সেখানকার মিউজ নদীর তীরের বাসিন্দারা শীতকালে নদী জমে গেলে মাছের বদলে আলু লম্বা করে কেটে ভাজতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যরা এই খাবারটি খেয়ে মুগ্ধ হন। স্থানীয়রা ফরাসি ভাষায় কথা বলতেন বলে আমেরিকানরাই এর নাম দেন ‘ফ্রেঞ্চ ফ্রাইস’।
অন্যদিকে, ফরাসিদের দাবি, ১৭৮০-র দশকে প্যারিসের পন্ট নিউফ ব্রিজে প্রথম এই আলু ভাজা বিক্রি শুরু হয়। আবার স্পেনের দাবি, তারাই প্রথম ইউরোপে আলু এনেছিল বলে এই আবিষ্কার তাদের। তবে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট টমাস জেফারসনের হাত ধরেই আমেরিকায় এটি জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে দেশভেদে কেচাপ, মেয়োনিজ বা ভিনিগারের মতো ভিন্ন ভিন্ন সসের সঙ্গে বিশ্বজুড়ে এটি সমাদৃত।
