ফ্ল্যাট ফাঁকা আছে! নিউটাউনে আবাসনের পরিচারিকাকে শ্লীলতাহানির অভিযোগে লালবাজারের কনস্টেবল – এবেলা

এবেলা ডেস্কঃ
নিউ টাউনের একটি আবাসনে কর্মরত পরিচারিকাকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির গুরুতর অভিযোগ উঠল কলকাতা পুলিশের লালবাজারের এক কনস্টেবলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা ওই নারী নিউ টাউনের নির্দিষ্ট আবাসনের বিভিন্ন ফ্ল্যাটে গৃহপরিচারিকার কাজ করেন। তাঁর অভিযোগ, গত বুধবার সকালে কাজে যোগ দিতে গেলে অভিযুক্ত পুলিশকর্মী তাঁকে ‘ফ্ল্যাট ফাঁকা আছে’ বলে কুপ্রস্তাব দেন এবং টাকার বিনিময়ে অনৈতিক প্রস্তাব রাখেন। মহিলা প্রতিবাদ করে সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করলে অভিযুক্ত তাঁর হাত ধরে টানাটানি করেন ও নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা চালান।
স্বামীর সঙ্গে পরামর্শ করে ওই পরিচারিকা টেকনো সিটি থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার পর তিনি তদন্তকারীদের অভিযুক্তের ফ্ল্যাটটিও দেখিয়ে দেন। বিধাননগর কমিশনারেটের পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান পাওয়া যায়নি। তবে মামলা রুজু করে অভিযুক্ত কনস্টেবলকে নোটিস পাঠিয়ে তলব করা হয়েছে। পাশাপাশি, আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অন্যান্য সাক্ষীদের বয়ান সংগ্রহ করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
