বকখালির গভীর সমুদ্রে ট্রলার বিপর্যয়, রাতভর তল্লাশিতে মিলল আরও ৪ মৎস্যজীবীর দেহ – এবেলা

বকখালির গভীর সমুদ্রে ট্রলার বিপর্যয়, রাতভর তল্লাশিতে মিলল আরও ৪ মৎস্যজীবীর দেহ – এবেলা

এবেলা ডেস্কঃ

শঙ্করপুর থেকে রওনা দেওয়া নিখোঁজ ‘মা কালী’ ট্রলারটি উদ্ধারের পর বকখালির উপকূলে উদ্ধারকাজ আরও জোরদার করা হয়েছে। রবিবার রাতে ট্রলারটিতে তল্লাশি চালিয়ে আরও ৪ মৎস্যজীবীর নিথর দেহ উদ্ধার করেছে প্রশাসন। এর আগে পুলিশ ৫ জনের দেহ উদ্ধার করেছিল, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। উদ্ধার হওয়া দেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনও ৬ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পাথরপ্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সীতারামপুরে পৌঁছান সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি নিজে উপস্থিত থেকে রাতভর তল্লাশি অভিযানের তদারকি করেন এবং সমগ্র বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানান। কাকদ্বীপ মহকুমা প্রশাসন, সুন্দরবন পুলিশ জেলা, কোস্টগার্ড, বনদপ্তর এবং মৎস্যজীবী সংগঠনের যৌথ উদ্যোগে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। প্রশাসনের অনুমান, নিখোঁজ মৎস্যজীবীদের কেউ কেউ দুর্ঘটনার সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে গিয়ে থাকতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *