খামেনেই হত্যার বদলা! ট্রাম্প ও নেতানিয়াহু-সহ ১৩ বিশ্বনেতার মৃত্যু পরোয়ানা জারি করল ইরান – এবেলা

এবেলা ডেস্কঃ
খামেনেই হত্যার প্রতিশোধ নিতে ১৩ জন বিশ্বনেতার বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করল ইরান প্রশাসন। তেহরান পুরসভা প্রকাশিত একটি সংবাদপত্রে এই চাঞ্চল্যকর হিট লিস্ট প্রকাশ করা হয়েছে। তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-সহ একাধিক শীর্ষ নেতা রয়েছেন। প্রকাশিত ছবিতে ট্রাম্প ও নেতানিয়াহুকে সরাসরি বন্দুকের নিশানায় এবং বাকিদের বন্দীর পোশাকে তুলে ধরা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় আয়াতোল্লা আলি খামেনেই নিহত হন। এরপরই তাঁর পুত্র মোজতবা কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছিলেন। তেহরানের অভিযোগ, এই গুপ্তহত্যায় আমেরিকা ও ইজরায়েল সরাসরি যুক্ত। পাশাপাশি, মার্কিন সামরিক বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ায় ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো দেশগুলোকেও তারা পরোক্ষভাবে দায়ী করেছে। সেই আক্রোশ থেকেই এবার প্রকাশ্যে এই চরম বার্তা দিল ইরান।
