বকেয়া না মেটালে বন্ধ হবে জ্বালানি প্রকল্প, পাকিস্তানের ওপর চিনের চরম হুঁশিয়ারি

বকেয়া না মেটালে বন্ধ হবে জ্বালানি প্রকল্প, পাকিস্তানের ওপর চিনের চরম হুঁশিয়ারি

আর্থিক সংকটে জর্জরিত পাকিস্তানের ওপর বকেয়া মেটানোর জন্য প্রবল চাপ সৃষ্টি করল বেজিং। একটি পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রায় ২২০ মিলিয়ন ডলার বকেয়া অর্থ দ্রুত পরিশোধের জন্য ইসলামাবাদকে কড়া ভাষায় ‘আল্টিমেটাম’ দিয়েছে চিন। নির্দিষ্ট সময়ের মধ্যে এই বিপুল পরিমাণ অর্থ না মেটালে পাকিস্তানে চলমান গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে শি জিনপিং প্রশাসন।

বকেয়া অর্থের এই সংঘাত মূলত ইউইপি (UEP) সংস্থার সরবরাহ করা গ্যাসকে কেন্দ্র করে। বর্তমানে এই সংস্থা থেকে প্রতিদিন বিপুল পরিমাণ গ্যাস সরবরাহ করা হলেও, দীর্ঘদিন অর্থ না মেলায় বিনিয়োগকারীদের আস্থা কমছে বলে দাবি চিনের। এমনকি অর্থাভাবের কারণে সংশ্লিষ্ট সংস্থায় কর্মী ছাঁটাইয়ের মতো ঘটনাও ঘটেছে। এই পরিস্থিতিতে বেজিংয়ে নিযুক্ত পাক রাষ্ট্রদূত এবং পাকিস্তানের স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল (SIFC) অবিলম্বে অর্থ মিটিয়ে দেওয়ার জন্য সরকারকে জরুরি পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই আর্থিক চাপের নেপথ্যে গভীর কূটনৈতিক সমীকরণ কাজ করছে। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা বৃদ্ধির প্রচেষ্টায় চিন অসন্তুষ্ট বলে গুঞ্জন রয়েছে। তার ওপর মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির প্রভাবে পাকিস্তানে জ্বালানি সংকট চরম আকার ধারণ করেছে। সিন্ধ প্রদেশের গ্যাস ক্ষেত্র ও আরব সাগরের অফশোর ব্লক পরিচালনাকারী এই প্রকল্পগুলি বন্ধ হয়ে গেলে পাকিস্তানের জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *