বন্দে ভারতের জনপ্রিয়তার নেপথ্যে শুধু আরাম নয়, লুকিয়ে বিরাট খেলা! জানুন রেলের আসল চাল – এবেলা

এবেলা ডেস্কঃ
ভারতীয় রেলে প্রতিনিয়ত বাড়ছে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসের সংখ্যা ও নেটওয়ার্ক। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এই ট্রেনের ওপর এত বাজি ধরছে রেল? উত্তরটা লুকিয়ে রয়েছে রেলের ব্যবসায়িক অঙ্কে। ভারতীয় রেলের অধিকাংশ সাধারণ ক্যাটেগরি লোকসানে চললেও, বন্দে ভারতের মতো প্রিমিয়াম এসি চেয়ার কার এবং এসি ৩ টায়ার সেগমেন্ট থেকে এবার রেকর্ড লাভ উঠে এসেছে। পরিসংখ্যানে স্পষ্ট, যাত্রীরা একটু বেশি খরচ করে দ্রুত ও উন্নত মানের ভ্রমণের অভিজ্ঞতা নিতে সম্পূর্ণ প্রস্তুত।
২০২৪-২৫ অর্থবর্ষে রেলের এসি চেয়ার কার সেগমেন্ট থেকে ৩৭৬.৭৭ কোটি টাকা লাভ হয়েছে, যার সিংহভাগই বন্দে ভারতের অবদান। শুধুমাত্র গত অর্থবর্ষেই এই ট্রেনে প্রায় ৩.৯৮ কোটি মানুষ সফর করেছেন, যা আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেশি। চেয়ার কারের বিপুল সাফল্যের পর জানুয়ারিতে চালু হওয়া বন্দে ভারত স্লিপারও শতভাগ বুকিং নিয়ে দারুণ সাড়া ফেলেছে। মূলত লাভজনক ব্যবসায়িক মডেল ও যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদার ওপর ভিত্তি করেই দেশজুড়ে এই প্রিমিয়াম ট্রেনের নেটওয়ার্ক দ্রুত সম্প্রসারণ করছে ভারতীয় রেল।
