বন্দে মাতরম গাওয়ার সময় কেবল দাঁড়িয়ে থাকলেই হবে না, নাড়াতে হবে ঠোঁটও: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর – এবেলা

বন্দে মাতরম গাওয়ার সময় কেবল দাঁড়িয়ে থাকলেই হবে না, নাড়াতে হবে ঠোঁটও: কড়া বার্তা মুখ্যমন্ত্রীর – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’ গাওয়ার সময় অনেকের নীরবতা নিয়ে এবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রবীন্দ্র সদনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু শ্রদ্ধার খাতিরে দাঁড়িয়ে থাকলেই হবে না, গানের তালে ঠোঁটও নাড়াতে হবে।

কী বললেন মুখ্যমন্ত্রী?

‘সিটিজেন এমপাওয়ারমেন্ট ফোরাম’-এর আয়োজনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ক্ষমতায় আসার পর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থায় বন্দে মাতরমকে প্রার্থনা সংগীত হিসেবে বাধ্যতামূলক করেছি। কিন্তু লক্ষ্য করছি, সরকারি নির্দেশের চাপে অনেকেই বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকছেন ঠিকই, তবে তাঁদের ঠোঁট নড়ছে না।”

মুখ্যমন্ত্রী আরও বলেন, “বন্দে মাতরমের প্রতি কোনো রকম অশ্রদ্ধা বরদাস্ত করা হবে না। শুধু দাঁড়ালেই হবে না, ঠোঁটটাও নাড়াতে হবে। একটু সময় লাগবে, কিন্তু আমরা তা নিশ্চিত করব। আপনারা যে প্রত্যাশা রেখেছেন, তা পূরণ করার দায়িত্ব আমাদের।”

রাষ্ট্রবিরোধী শক্তির বিরুদ্ধে হুঁশিয়ারি

অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মাটি থেকে আর কোনো রাষ্ট্রবিরোধী কাজ বরদাস্ত করা হবে না। সেনাবাহিনী বা দেশকে অপমান করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না।” একইসঙ্গে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ এবং বলপূর্বক ধর্মান্তরকরণের বিরুদ্ধে সরকার শীঘ্রই কঠোর আইন আনতে চলেছে বলেও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

গৌরবময় ইতিহাস

অন্যদিকে, এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্কিমচন্দ্রের জন্মবার্ষিকী পালন করেন রাজ্যপাল আরএন রবি। তিনি বলেন, “বঙ্কিমচন্দ্র ছিলেন একজন মহান ঋষি, যিনি দেশবাসীকে জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তাঁর রচিত ‘বন্দে মাতরম’ গানটি স্বাধীনতা আন্দোলনের সময় গোটা দেশের মানুষের হৃদয়ে দেশপ্রেমের প্রবল উদ্দীপনা জাগিয়ে তুলেছিল।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *