বর্ষার আগাম এন্ট্রি, আজই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! তবে কি কমবে গরম? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস – এবেলা

বর্ষার আগাম এন্ট্রি, আজই ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! তবে কি কমবে গরম? জেনে নিন হাওয়া অফিসের পূর্বাভাস – এবেলা

এবেলা ডেস্কঃ

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অবশেষে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে বৃষ্টি হলেও গরম থেকে এখনই পুরোপুরি রেহাই মিলছে না। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি ও গরম বজায় থাকবে। কলকাতার পাশাপাশি আজ শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সময়ের আগেই আন্দামানে বর্ষার আগমন

আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আজ শনিবারের মধ্যেই আন্দামানে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষার আগমন ঘটতে চলেছে। এর প্রভাবে আন্দামান ও সংলগ্ন এলাকায় তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সাধারণত প্রতি বছর ৩০ মে থেকে ১ জুনের মধ্যে কেরলে বর্ষা প্রবেশ করে। তবে এবার নির্দিষ্ট সময়ের কিছুটা আগেই আন্দামানে মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠেছে। মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই কেরালা হয়ে মূল ভারতীয় ভূখণ্ডে বর্ষা প্রবেশ করতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে আজ শনিবার থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই দুই জেলায় ইতিমধ্যেই কমলা সতর্কতা (Orange Alert) জারি করেছে প্রশাসন। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আন্দামানে সময়ের আগে বর্ষা আসায় দেশজুড়ে বর্ষার আগমন প্রক্রিয়া ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায়, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে তৈরি হওয়া বিক্ষিপ্ত বৃষ্টি সাময়িক স্বস্তি দিলেও ভ্যাপসা গরমের অস্বস্তি পুরোপুরি কাটবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *