বাঁকুড়ায় রামনবমীর মিছিলে বুলডোজারের দাপট, তুঙ্গে রাজনৈতিক তরজা – এবেলা
এবেলা ডেস্কঃ
বাঁকুড়া শহরে রামনবমীর শোভাযাত্রায় এবার প্রথাগত ধর্মীয় অনুষঙ্গের পাশাপাশি বুলডোজারের উপস্থিতি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিজেপি নেতা সুদীপ চক্রবর্তী ও দলীয় কর্মীদের বুলডোজারে সওয়ার হতে দেখে অবাক হন স্থানীয় বাসিন্দারা। ওই যন্ত্রে কাশী-মথুরা সংক্রান্ত বিতর্কিত স্লোগানও লেখা ছিল। সুদীপবাবু হুঙ্কার দেন, রাজ্যে ক্ষমতায় এলে সমাজবিরোধীদের দমনে উত্তরপ্রদেশের কায়দায় বুলডোজার চালানো হবে।
বিজেপির এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। তিনি স্পষ্ট জানান, বাংলা উত্তরপ্রদেশ নয় এবং এখানে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। অরূপবাবুর দাবি, আদালতের নির্দেশ ছাড়া এমন পদক্ষেপ আসাম্ভব এবং বাংলায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নই চলবে। রাজনৈতিক মহলের মতে, এই ঘটনার মাধ্যমে বিজেপি রাজ্যে অপরাধ দমনে তাদের কঠোর অবস্থানের আগাম বার্তা দিল।
বিতর্ক থাকলেও বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল আয়োজিত এই বিশাল শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। পাঁচবাগা থেকে হিন্দু স্কুল পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ পরিক্রমায় বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানাও সামিল হন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বাঁকুড়া শহরজুড়ে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। শেষ পর্যন্ত কোনো বড় ধরণের বিশৃঙ্খলা ছাড়াই ধর্মীয় উৎসবটি সমাপ্ত হয়।

